দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার ১০টি যুদ্ধবিমান

সিওল, ২৭ জুন – দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কাডিজ) চীন ও রাশিয়ার ১০টিরও বেশি সামরিক বিমান প্রবেশের ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানায়, রুশ ও চীনা বিমানগুলো দেশটির পূর্ব ও দক্ষিণ সাগরের নিকটবর্তী আকাশ প্রতিরক্ষা জোনে প্রবেশ করে এবং পরবর্তীতে এলাকা ত্যাগ করে।
এই ঘটনার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ কোরিয়া দ্রুত ওই অঞ্চলে যুদ্ধবিমান পাঠায়। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, বিদেশি এই বিমানগুলো তাদের সার্বভৌম আকাশসীমা অতিক্রম করেনি।
মূলত আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলটি কোনো দেশের নিজস্ব আকাশসীমার অংশ নয়, বরং এটি একটি নজরদারি এলাকা যেখানে নিরাপত্তার জন্য আগত বিমানগুলোর পরিচয় শনাক্ত করা হয়।
সাধারণত এ ধরণের অঞ্চলে প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট দেশকে অবহিত করার রীতি থাকলেও তা আইনত বাধ্যতামূলক নয়। এই পদক্ষেপের বিষয়ে চীন বা রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এস এম/ ২৭ জুন ২০২৬









