মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন হামলাকে ‘বেপরোয়া লঙ্ঘন’ বললেন জ্যেষ্ঠ ইরানি সাংসদ

তেহরান, ২৭ জুন – ইরানে মার্কিন হামলা কূটনীতি ও যুদ্ধবিরতির প্রতি ওয়াশিংটনের অনীহা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইবরাহিম আজিজি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। আজিজি বলেন, আলোচনার মধ্যেই ইরানের ওপর হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রমাণ করেছেন যে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন না।

তিনি এই সামরিক পদক্ষেপকে যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। ইরানি সাংসদের মতে, অতীতের মতো এই ঘটনার ফলেও যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হয়ে পিছু হটতে হবে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আইআরজিসি পাল্টা ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড চলমান আলোচনার পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক উত্তেজনা উসকে দিয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language