দক্ষিণ আমেরিকা

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, চরম মানবিক বিপর্যয়

কারাকাস, ২৬ জুন – ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর দেশটির পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩০০ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তরের উপকূলীয় রাজ্য লা গুইরা। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, ওই রাজ্যে শতাধিক ভবন ধসে পড়েছে এবং ৭০ হাজারের বেশি পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার সেখানে উদ্ধারকর্মীর সংখ্যা ৪ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১১ হাজার ৫০০ জনে উন্নীত করেছে।

স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর প্রচণ্ড চাপ থাকায় জরুরি ভিত্তিতে ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে জরুরি অবস্থা জারি থাকলেও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দা ও দক্ষ জনশক্তির অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় ফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লা গুইরার অনেক বাসিন্দা অভিযোগ করেছেন যে তাদের স্বজনরা এখনো ধ্বংসস্তূপে আটকে থাকলেও প্রয়োজনীয় সাহায্য পৌঁছায়নি। স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারাচ্ছেন। এই সংকটময় মুহূর্তে সহায়তার হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ কলম্বিয়া।

শুক্রবার ভোরেই ৬২ জন উদ্ধারকর্মী এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের একটি দল ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সতর্ক করেছে যে দুর্গম অঞ্চল ও অনবরত আফটারশকের কারণে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের বাঁচার আকুতিতে পুরো ভেনেজুয়েলা এখন এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সার্বিক সংকট নিয়ে কথা বলেছেন। জাতিসংঘ মহাসচিব ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি উদ্ধার তৎপরতায় পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

এস এম/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language