ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে জরুরি অবস্থা জারি

কারাকাস, ২৫ জুন – ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
একই সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান, পাতালরেল ও রেলসেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উদ্ধার তৎপরতা দ্রুত করার লক্ষ্যে সেনাবাহিনী ও বলিভারিয়ান ন্যাশনাল গার্ডকে মাঠে নামানো হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।
তিনি জানান, মাইকেতিয়া এলাকায় অবস্থিত প্রধান বিমানবন্দরের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এছাড়া স্কুলগুলোর পাঠদান ও জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের বাণিজ্যিক কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো জানিয়েছেন, কারাকাসের আলতামিরা এলাকায় একাধিক ভবন ধসে পড়েছে এবং সেখানে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
তিনি নাগরিকদের বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার পশ্চিমে ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে।
এর কিছুক্ষণ পরেই ইউমারের কাছে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। সংস্থাটি সতর্ক করেছে যে এই দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এস এম/ ২৫ জুন ২০২৬









