শেহবাজ শরিফ ও রুবিও এর শোক ভেনেজুয়েলায় ভূমিকম্পের ঘটনায়

কারাকাস, ২৫ জুন – ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০০ জন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি ছিল ৭.২ মাত্রার এবং এর কিছু সময় পরই ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। সংস্থাটির আশঙ্কা, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভয়াবহ এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। স্কুল, রেল যোগাযোগ এবং আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে সেনাবাহিনী। ভেনেজুয়েলার এই সংকটাপন্ন অবস্থায় শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বার্তায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মীদের সাহসিকতার প্রশংসা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ২৫ জুন ২০২৬









