জাতীয়

বেইজিংয়ে প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ঢাকা, ২৬ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় এই ঐতিহাসিক বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। এই সফরের অংশ হিসেবে গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী বেইজিংয়ে ইনভেস্ট বাংলাদেশ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অংশ নেন এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল আজ বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এনএন/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language