ব্রাজিলের বিপক্ষে নকআউটে জাপান, গ্রুপ সেরা হয়ে শীর্ষে নেদারল্যান্ডস

টোকিও, ২৬ জুন – ডালাসে অনুষ্ঠিত এফ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১ ১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ান পরাশক্তি জাপান। ম্যাচের ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে জাপান প্রথমে এগিয়ে গেলেও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
এর মাত্র ৬ মিনিট পরেই অ্যান্থনি এলাঙ্গা গোল করে সুইডেনকে সমতায় ফেরান। দুই ড্র এবং এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে জাপান। শেষ বত্রিশের এই পর্বে তাদের লড়তে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।
এদিকে কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে তিউনিসিয়াকে ৩ ১ গোলের ব্যবধানে পরাজিত করেছে নেদারল্যান্ডস। দুই জয় এবং এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখল ডাচরা। শেষ বত্রিশের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মরক্কো।
তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের ৩ মিনিটেই এলিয়েস স্খিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এর কিছুক্ষণ পরই ম্যাচের ৭ মিনিটে ব্রায়ান ব্রোবি ব্যবধান দ্বিগুণ করেন। ৫৪ মিনিটে তিউনিসিয়ার হাজেম মাস্তৌরি একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিলেও ৬২ মিনিটে ইয়ান পল হেকার ডাচদের হয়ে তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।
এফ গ্রুপের অন্য দল সুইডেন ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে। তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে কি না তা জানতে সেরা তৃতীয় দলগুলোর ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
এস এম/ ২৬ জুন ২০২৬









