জাতীয়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ১৯ জুন – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টার মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও আশপাশের অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

এস এম/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language