বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত

ঢাকা, ১২ আগস্ট – কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয়জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত থাকাকালীন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
অন্য কর্মকর্তাদের মধ্যে মো. গোলাম রুহানী এবং রাজন কুমার দাস বর্তমানে পলাতক রয়েছেন। সুদীপ কুমার চক্রবর্তী বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মো. ইকবাল হোসাইন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এস এম/ ১২ আগস্ট ২০২৬









