দক্ষিণ এশিয়া

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

ইসলামাবাদ, ১৮ জুন – ভারতীয় এবং ভারত নিয়ন্ত্রিত সকল ধরনের উড়োজাহাজের জন্য আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বৃদ্ধি করেছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জারিকৃত নতুন এক নির্দেশনায় জানানো হয়েছে যে এই নিষেধাজ্ঞা আগামী ২৪ জুলাই ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।

গত ১৬ জুন বিকেল ৫টা ৫০ মিনিট থেকে বর্ধিত এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী সামরিক ও বাণিজ্যিক উভয় ধরনের ভারতীয় উড়োজাহাজই এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

একইসঙ্গে ভারতীয় বিমান সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজগুলোকেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বিগত বছরে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

ওই ঘটনার প্রেক্ষিতে ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিলে পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয়। যদিও পাকিস্তান শুরু থেকেই ওই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছে।

পরবর্তীতে গত বছরের ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। পাকিস্তানের দাবি অনুযায়ী ২০২৫ সালের ৬ ও ৭ মে ভারত তাদের কয়েকটি শহরে বিনা উসকানিতে হামলা চালালে দেশটির সশস্ত্র বাহিনী অপারেশন বুনইয়ানুম মারসুস নামে একটি সামরিক অভিযান শুরু করে।

সে সময় ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি তিনটি রাফাল যুদ্ধবিমানসহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। পরবর্তী সময়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাতের অবসান ঘটে।

বিশ্লেষকরা মনে করছেন আকাশসীমা বন্ধ থাকার ফলে পাকিস্তানের তুলনায় ভারতের বিমান পরিবহন খাতই বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর আগেও কার্গিল সংঘাত ও পুলওয়ামা সংকটের সময় পাকিস্তান একই ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। সে সময়ও পাকিস্তানের চেয়ে ভারতের বিমান খাতের ক্ষতি ছিল কয়েক গুণ বেশি।

এস এম/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language