আইন-আদালত

শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ

ঢাকা, ১৭ জুন – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল।

তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ ঘোষণা করেন।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরবর্তীতে ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ৩০২ ধারা বা হত্যার অভিযোগ মামলায় যুক্ত করার আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

গত ৬ জানুয়ারি এই মামলায় ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ। তবে বর্তমানে মামলার অধিকতর তদন্ত চলছে।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language