ফুটবল

ভিএআরের হস্তক্ষেপে রক্ষা পেলেন যুক্তরাষ্ট্রের টিম রিম

ওয়াশিংটন, ১৩ জুন – বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের একটি যুগান্তকারী সিদ্ধান্তের সুবিধা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে ভুল সিদ্ধান্তের শিকার হলেও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত ন্যায়বিচার পান তিনি।

খেলার প্রথমার্ধে মিগেল আলমিরনকে ট্যাকল করার জেরে ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। এরপর দ্বিতীয়ার্থের শুরুতে আলমিরন ডি বক্সের কাছে বলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে রেফারি ড্যানি ম্যাকেলি প্যারাগুয়েকে ফ্রি কিক প্রদানের পাশাপাশি রিমকে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখান।

তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কার্লোস দেল সেরো গ্রান্দে বিষয়টি পুনরায় পর্যালোচনার অনুরোধ করেন। ভিডিও রিপ্লে দেখার পর রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। দেখা যায় যে আলমিরন আসলে ডাইভ দিয়েছিলেন। ফলে রিমের হলুদ কার্ড বাতিল করে উল্টো আলমিরনকে সতর্কতামূলক কার্ড দেখানো হয়।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোনো বড় টুর্নামেন্টে ভুল পরিচয় বা ভুল শাস্তিমূলক সিদ্ধান্ত সংশোধনের এটিই প্রথম নজির। ফিফা কর্মকর্তাদের মতে আলমিরন রেফারিকে প্রতারিত করার চেষ্টা করেছিলেন। উল্লেখ্য যে এবারের বিশ্বকাপে খেলার গতি বৃদ্ধির লক্ষ্যে গোলরক্ষকদের বল ধরে রাখার সময় এবং থ্রো ইনসহ বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button