যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে ইরানের ভিন্ন সুর: চূড়ান্ত হয়নি কিছুই

তেহরান, ১২ জুন – যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি স্পষ্ট করে বলেন,
তেহরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ইসমাইল বাঘাই বলেন, চুক্তির খসড়ার অধিকাংশ বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়েছে। তবে ওয়াশিংটন বর্তমানে নতুন নতুন অনুরোধ যোগ করছে এবং অতিরিক্ত দাবি করছে। তিনি আরও জানান যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার সক্রিয়ভাবে কাজ করছে।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এখন তুলনামূলকভাবে কম নিরাপদ হয়ে পড়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে,
ইরানের সাথে যুদ্ধ বন্ধের চুক্তির শর্তাবলি সব পক্ষ অনুমোদন করেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত হয়েছে এবং এর ফলে ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা তিনি স্থগিত করেছেন।
ট্রাম্প আরও উল্লেখ করেন,
চলতি সপ্তাহের শেষ দিকে ইউরোপের কোনো স্থানে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে এবং সেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়ে ইরান জানাল যে, আলোচনার প্রক্রিয়া এখনো সমাপ্ত হয়নি।
এস এম/ ১২ জুন ২০২৬









