উত্তর আমেরিকা

হরমুজে ইরানের নজর এড়িয়ে ১০ কোটি ব্যারেল তেল পার করার দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ১১ জুন – চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী ঘিরে বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের অগোচরে পরিচালিত এক গোপন অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ১০ কোটি ব্যারেলের বেশি জ্বালানি তেল হরমুজ প্রণালী পার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে সহায়তা করেছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী ২০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অতিক্রম করতে সাহায্য করেছে। যদিও অতীতে মার্কিন সামরিক বাহিনী এ ধরনের অভিযানের খবর অস্বীকার করেছিল। পারস্য উপসাগরকে আরব উপদ্বীপের সঙ্গে যুক্ত করা সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই পথ দিয়েই পরিবাহিত হয়। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, গত মাসে তিনি মার্কিন সামরিক বাহিনীকে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলবাহী ট্যাংকার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজকে সহায়তা করার জন্য একটি গোপন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন।

তিনি আরও জানান, এই প্রচেষ্টার ফলে ১০ কোটিরও বেশি ব্যারেল তেল হরমুজ প্রণালী অতিক্রম করে বৈশ্বিক বাজারে পৌঁছেছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, পুরো অভিযানটি এমনভাবে পরিচালিত হয়েছে যে ইরান বিষয়টি বুঝতেই পারেনি।

তিনি আরও বলেন, গভীর রাতে কোনো আলো ছাড়াই এবং রাডার ব্যবস্থা এড়িয়ে জাহাজগুলো বের করে আনা হয়েছে। তবে মে মাসের শুরুতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরুর পরিকল্পনা করা হলেও মিত্র দেশগুলোর সমর্থন না পাওয়ায় তা বাতিল করা হয়েছিল। পরবর্তীতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বাণিজ্যিক জাহাজকে সহায়তার খবর অস্বীকার করেছিল।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language