ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ: প্রথমবারের মতো ওডিআই সিরিজ জয়

ঢাকা, ১১ জুন – দীর্ঘ ২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংস ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানে থেমে যায়। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। রান তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার ৮৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। শান্ত ও সৌম্য দুজনেই ৪২ রান করে সাজঘরে ফেরেন।

মাঝপথে লিটন দাস ২১ ও মোসাদ্দেক হোসেন ১৫ রান করে আউট হলে কিছুটা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেই সংকট কাটিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ২২ রানে এবং হৃদয় ৪০ রানে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ পর্যায়ে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মিরাজ।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ছিল বিপর্যয়ের। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে একপর্যায়ে শূন্য রানে ৩ উইকেট হারায় অজিরা। পরবর্তীতে মার্নাস লাবুশানের ৫৫ ও জাভিয়ের বার্টলেটের ৫২ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে এবং তানভীর ইসলাম ২টি উইকেট নেন।

এনএন/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language