উত্তর আমেরিকা

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২টি দেশ

ওয়াশিংটন, ১১ জুন – যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের ২২টি রাষ্ট্র এক যৌথ বিবৃতির মাধ্যমে ইরানকে তাদের ভূখণ্ডে যেকোনো ধরনের হামলা ও সহিংস তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এই বিবৃতিতে সাফ জানানো হয়েছে যে অন্য দেশের সীমানায় হত্যা, অপহরণ, হয়রানি কিংবা ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি গোয়েন্দা সংস্থা এবং তাদের বিদেশি শাখা কুদস ফোর্স বিভিন্ন দেশে ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি সম্প্রদায়ের ওপর প্রাণঘাতী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে নিজেদের জনগণকে রক্ষা করতে তারা সংকল্পবদ্ধ এবং ইরানকে অবিলম্বে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। অভিযোগ অনুযায়ী, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায় এবং ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে তার নেপথ্যে তেহরানের হাত রয়েছে।

এর আগে গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া তেহরানের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ তুলে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল। একই সঙ্গে ক্যানবেরা তেহরান থেকে তাদের নিজস্ব রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেয়।

গত নভেম্বর মাসে অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন এবং যুক্তরাষ্ট্র।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language