ভাতা বৃদ্ধি ও সুরক্ষার দাবিতে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুর, ৮ জুন – ভাতা বৃদ্ধি এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি পালিত হয়।
আন্দোলনরত চিকিৎসকরা জানান,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান ভাতা দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। তারা ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা এবং এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ভাতা ৫০ হাজার টাকা করার জোর দাবি জানান।
কর্মসূচিতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির বক্তারা বলেন,
চিকিৎসকরা চব্বিশ ঘণ্টা নিরলস সেবা দিয়ে গেলেও তাদের আর্থিক নিরাপত্তা ও কর্মস্থলের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে না। হাসপাতালে প্রায়ই চিকিৎসকরা বিনা কারণে হামলার শিকার হচ্ছেন। ফলে নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা এখন সময়ের দাবি।
তারা আরও উল্লেখ করেন যে,
স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, ইন্টার্নরা ধর্মঘটে গেলেও হাসপাতালের নিয়মিত চিকিৎসকদের মাধ্যমে সেবা অব্যাহত রয়েছে।
ইন্টার্নদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে সকল ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
এস এম/ ৮ জুন ২০২৬









