নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পর্ষদকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ৭ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সহ-সভাপতি ফাহিম সিনহাসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২৩ জন নির্বাচিত পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ২ জন সদস্যের সমন্বয়ে গঠিত পর্ষদের ভোটে তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁর নেতৃত্ব গুণের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন যে তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ ও সফল ক্রিকেটারের হাত ধরে দেশের ক্রিকেটে নতুন দিগন্তের উন্মোচন হবে। প্রতিমন্ত্রীর মতে তামিম ইকবালের ক্রিকেটীয় প্রজ্ঞা এবং পরিচালনা পর্ষদের সামগ্রিক প্রচেষ্টায় বিসিবি আরও শক্তিশালী ও পেশাদার সংগঠনে পরিণত হবে।
ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই কমিটি বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটের উন্নয়নে নবনির্বাচিত পর্ষদকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী সকলের সাফল্য কামনা করেন।
এনএন/ ৭ জুন ২০২৬









