ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া, ৭ জুন – ব্রাহ্মণবাড়িয়ায় একটি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার থলিয়ারা গ্রামে এই সংঘর্ষ চলে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে,

থলিয়ারা গ্রামের বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার সঙ্গে ছোট গোষ্ঠীর জুবায়েরের একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। সর্বশেষ সালিশি বৈঠকে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হলে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

পরবর্তীতে রোববার সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন রণক্ষেত্রে অবতীর্ণ হয়। সংঘর্ষ চলাকালে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button