দেশের ১২ অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ৪ জুন – দেশের ১২টি অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানায়,
আজ রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে। অন্যদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল সকালের মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও দেশের অন্যান্য স্থানে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এস এম/ ৪ জুন ২০২৬









