আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে ১৫ জন গ্রেপ্তার

মানামা, ৪ জুন – ইরানের অভিজাত প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাথে সম্পর্ক রাখার অভিযোগে বাহরাইনে ১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএনএ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে,
জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব ব্যক্তিদের আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পর বাহরাইনে ইরানের একটি গুপ্তচর নেটওয়ার্কের সন্ধান মেলে। গ্রেপ্তারকৃতরা সবাই ওই নেটওয়ার্কের সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আটককৃতরা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। তারা বাহরাইনের সাধারণ মানুষকে ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে উসকানিমূলক ভিডিও ও বিষয়বস্তু প্রচার করত।
এছাড়া দেশে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার জন্য সদস্য সংগ্রহের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত।
সাম্প্রতিক সময়ে এই মার্কিন ঘাঁটিতে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। সবশেষ তিন দিন আগে বাহরাইনে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলার ঘটনার পরপরই কঠোর অভিযানে নেমে ১৫ জনকে গ্রেপ্তার করল বাহরাইন পুলিশ।
এস এম/ ৪ জুন ২০২৬









