সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৫ জুন

ঢাকা, ৪ জুন – জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই নতুন তারিখ নির্ধারণ করেন। আদালত সূত্রে জানা গেছে, এ দিন মামলায় সাত নম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা ছিল। তবে নির্ধারিত সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে সময়ের আবেদন জানানো হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যক্রমের জন্য নতুন দিন নির্ধারণ করেন। সাক্ষ্যগ্রহণ কার্যক্রম উপলক্ষে সকালে কারাগার থেকে জুনাইদ আহমেদ পলককে কড়া পুলিশি পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে মামলার অন্য আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন। চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করার আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিল আদালত। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের বিচারে এই মামলাটি অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এস এম/ ৪ জুন ২০২৬









