শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালিতে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজার, ৩ জুন – মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালিতে আটকে রুদ্র তাঁতী নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রুদ্র তাঁতী ওই বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে এবং শ্রীমঙ্গল র্যানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধুদের সঙ্গে কেজুরী ছড়ায় গোসল করতে নামে রুদ্র। একপর্যায়ে সে চোরাবালিতে আটকে পানির নিচে তলিয়ে যায়।
বন্ধুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও স্বজনরা ছুটে আসেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তারা ছড়া থেকে রুদ্রর নিথর দেহ উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী জানান, রুদ্র বন্ধুদের সাথে আনন্দ করতে নামলেও হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। ছেলের মৃত্যুতে শোকাতুর বাবা কমল তাঁতী বলেন, সে কীভাবে চোরাবালিতে আটকে গেল তা এখনও অস্পষ্ট। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এস এম/ ৩ জুন ২০২৬









