উত্তর আমেরিকা

এআই খাতে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের পথে অ্যালফাবেট

ওয়াশিংটন, ২ জুন – কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এআই অবকাঠামো উন্নয়নে ৮০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের বড় এক পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

মূলত শেয়ার বিক্রির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। সংগৃহীত এই অর্থ এআই সংশ্লিষ্ট উন্নত ডেটা সেন্টার নির্মাণ, কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন করপোরেট খাতে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। অ্যালফাবেট তাদের এক বিবৃতিতে জানায়, বর্তমানে এআই ভিত্তিক সেবার চাহিদা অবিশ্বাস্য হারে বাড়ছে।

সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে বর্তমান অবকাঠামো পর্যাপ্ত নয়। এই ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতেই অবকাঠামো সম্প্রসারণে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিশাল বিনিয়োগ পরিকল্পনার একটি অংশ হিসেবে কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের মালিকানাধীন বার্কশায়ার হ্যাথাওয়ে প্রায় ১০ বিলিয়ন ডলারের শেয়ার কিনবে।

বাজার বিশ্লেষকদের মতে, বাফেটের প্রতিষ্ঠানের এই অংশগ্রহণ অ্যালফাবেটের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর বিনিয়োগকারীদের প্রবল আস্থারই প্রতিফলন। সাম্প্রতিক সময়ে চ্যাটবট, সার্চ ইঞ্জিন, কন্টেন্ট তৈরি এবং ব্যবসায়িক বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বহুগুণ বেড়েছে।

গত মাসে অনুষ্ঠিত গুগলের বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছিলেন, চলতি বছরে তাদের মূলধনি ব্যয়ের পরিমাণ ১৮০ থেকে ১৯০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। যার সিংহভাগই ব্যয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী অবকাঠামো তৈরিতে।

কেবল গুগল নয়, মাইক্রোসফট বা মেটার মতো অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও একই পথে হাঁটছে। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো এআই খাতে সম্মিলিতভাবে প্রায় ৭০০ বিলিয়ন ডলার ব্যয় করতে পারে। মূলত শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রেখেই গুগল তাদের এই ভবিষ্যৎমুখী বিনিয়োগ নিশ্চিত করতে চায়।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language