মধ্যপ্রাচ্য

ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব

রিয়াদ, ১ জুন – সৌদি আরব নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। গত রোববার থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হওয়ার মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে তীর্থযাত্রীরা ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক এর মাধ্যমে অনুমতিপত্র ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী,

আন্তর্জাতিক তীর্থযাত্রীরা এখন থেকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে,

চলতি বছরের হজ শেষ হওয়ার পর হিজরি ১৪৪৮ সালের ওমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৯ মার্চ হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ।

এছাড়া ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত। সব ওমরাহ যাত্রীকে ২০২৭ সালের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এখন থেকে তীর্থযাত্রীরা সরকারের নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট সংগ্রহ, বুকিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে পারবেন।

নুসুক প্ল্যাটফর্মটি আবাসন, পরিবহন ও তীর্থযাত্রা সংক্রান্ত সেবার সমন্বিত ডিজিটাল প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর জোরদার করেছে।

এর অংশ হিসেবে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোড ভিত্তিক যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান তীর্থযাত্রীর চাপ সামাল দিতে দেশটি পরিবহন, আবাসন ও আতিথেয়তা অবকাঠামো সম্প্রসারণ করছে।

এস এম/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language