মধ্যপ্রাচ্য

আঞ্চলিক উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখার অঙ্গীকার সৌদি আরবের

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখার অঙ্গীকার সৌদি আরবের

রিয়াদ,১২ অক্টোবর- হুতি বিদ্রোহীদের হামলা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার করেছে সৌদি আরব। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান আল সৌদ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি সরবরাহ সচল রাখার সক্ষমতা সৌদি আরব প্রমাণ করেছে। ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায়ও দেশটি বিনিয়োগ ও প্রস্তুতি অব্যাহত রাখবে।

রবিবার (১১ অক্টোবর) রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, পরিস্থিতি যেমনই হোক, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পূরণে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা এবং সরবরাহব্যবস্থার সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে দেশটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এ সময় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের গুরুত্ব তুলে ধরেন প্রিন্স আবদুল আজিজ। তিনি বলেন, এই পাইপলাইন জ্বালানি সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সৌদি আরবের দূরদর্শিতার প্রতিফলন। এর মাধ্যমে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের বিকল্প ব্যবস্থা রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানিমন্ত্রীদের অংশগ্রহণে দুই বছর পরপর অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করা হয়েছে এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি ও জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, এমনকি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হুতি বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা এবং জ্বালানি বাজারে বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে বিকল্প পরিবহনপথ তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language