শহীদ জিয়ার স্বপ্ন পূরণে কৃষিবান্ধব প্রকল্প নিচ্ছেন তারেক রহমান: খোকন তালুকদার

মাদারীপুর, ৩১ মে – মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমান বিভিন্ন কৃষিবান্ধব প্রকল্প হাতে নিয়েছেন।
ইতিমধ্যে এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন,
আগামী দিনে বাংলাদেশ পুনরায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের মাদ্রা বাজারে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঝাউদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই সভার আয়োজন করে। খোকন তালুকদার আরও অভিযোগ করেন যে, বিএনপির সাফল্য এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে।
মাদ্রা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি মো. আজাদ খান।
এছাড়া জেলা তাঁতীদলের সভাপতি জাকির হোসেন মোল্লা, টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম খান আকরামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
এস এম/ ৩১ মে ২০২৬









