চট্টগ্রামে কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন ৬ ঘণ্টায়, দাবি চসিক মেয়রের

চট্টগ্রাম, ২৯ মে – চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম মাত্র ছয় ঘণ্টার মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার রাতে নগরের দামপাড়াস্থ কন্ট্রোল রুমে উপস্থিত হয়ে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।
মেয়র বলেন,
দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণের মূল কাজ শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই নগরের সিংহভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি তদারকি করতে তিনি সকাল ৯টা থেকেই মাঠে ছিলেন।
চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে,
এবারের অভিযানে ডাম্প ট্রাক, কম্পেক্টর এবং পে-লোডারসহ মোট ৩৭৯টি যানবাহন নিয়োজিত ছিল। এছাড়া ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী বিরতিহীনভাবে কাজ করে পাড়া-মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করেছেন। বর্জ্য অপসারণের পাশাপাশি পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে পশুর জবাইস্থলগুলো দ্রুত পরিষ্কার করা হয়েছে।
মেয়র আরও উল্লেখ করেন,
নগরের কোনো স্থানে বর্জ্য জমে থাকতে দেখলে যেন তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে জানানো হয়। যারা ঈদের পরের দিন পশু কোরবানি দেবেন, তাদের বর্জ্য অপসারণের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
এসময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৯ মে ২০২৬









