ব্যবসা

কোরবানির আগে অস্থির মসলার বাজার: দফায় দফায় বাড়ছে দাম

ঢাকা, ২৭ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মসলাজাতীয় পণ্যের চাহিদা। এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে মসলার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মাংস রান্নার অপরিহার্য অনুষঙ্গ জিরা, এলাচ ও গোলমরিচের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

রাজধানীর মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে যে গত কয়েক সপ্তাহের ব্যবধানে কালো গোলমরিচের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। ৫৫০ টাকার জিরার বর্তমান বাজারদর ঠেকেছে ৭০০ থেকে ৭৫০ টাকায়।

এছাড়া অন্যান্য মসলার মধ্যে লবঙ্গ কেজিপ্রতি ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং এলাচ ৪৫০০ থেকে ৫২০০ টাকায় বিক্রি হচ্ছে। দারুচিনি ও কিসমিসের দামও আগের তুলনায় কিছুটা বেশি।

পেঁয়াজ, রসুন ও আদার বাজারেও কিছুটা অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা এবং আমদানি করা রসুন ১৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

ব্যবসায়ীদের মতে মসলার বাজার আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে খুচরা পর্যায়ে এর প্রভাব পড়ছে।

তবে ক্রেতা স্বার্থ রক্ষাকারী সংগঠন ক্যাব বলছে গত বছরের তুলনায় এবার দাম বৃদ্ধির হার কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। যদিও সাধারণ ক্রেতাদের জন্য এই বাড়তি খরচ চাপের সৃষ্টি করছে।

এনএন/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language