ঈদুল আজহার আগে রাজধানীতে মুরগি ও ডিমের দাম কমলেও চড়া মাছের বাজার

ঢাকা, ২২ মে – পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে রাজধানীর কাঁচাবাজারগুলোতে মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে মাছের বাজারে চিত্র ভিন্ন।
অধিকাংশ মাছের দাম আগের মতোই চড়া দেখা গেছে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে যা কিছুদিন আগেও ১৯৫ টাকার উপরে ছিল। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে।
এছাড়া ডজনপ্রতি ডিম পাওয়া যাচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকার মধ্যে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মুরগি ও ডিমের দাম কমেছে। রায়ের বাজারে মুরগি কিনতে আসা ক্রেতা রমিজ উদ্দিন জানান, ঈদের পরপর মুরগির কেজি ২০০ টাকা থাকলেও এখন ১৭৫ টাকায় পাওয়া যাচ্ছে।
মুরগি বিক্রেতা আনিসুর রহমান সরবরাহ বৃদ্ধির বিষয়টিকে দাম কমার মূল কারণ হিসেবে দেখছেন। অন্যদিকে মাছের বাজারে পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা এবং তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে রুই মাছের দাম ২৪০ থেকে ৩৫০ টাকা এবং শিং মাছ ৪০০ টাকা।
তবে ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই রয়ে গেছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকায় এবং ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। মাছ ব্যবসায়ী ইউসুফ মিয়া জানান, বাজারে মাছের সরবরাহ উঠানামা করায় দামও কিছুটা পরিবর্তন হয়। বর্তমানে গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকায় স্থিতিশীল রয়েছে।
এস এম/ ২২ মে ২০২৬









