সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ, ২৬ মে – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার টিপুরদী এলাকায় চৈতি গার্মেন্টসের শ্রমিকদের এই কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এতে মহাসড়কের শিমরাইল থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তারা মহাসড়কের উভয় লেনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মে মাসের বেতন ও উৎসব বোনাসের দাবি জানান তারা। মালিকপক্ষ দাবি আদায়ে বিলম্ব করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
তিশা পরিবহনের এক যাত্রী জানান, মদনপুর এলাকা থেকে দীর্ঘ সময় ধরে তারা আটকে আছেন। ট্রাকচালকরাও পণ্য পরিবহনে বিঘ্ন ঘটার কথা জানান। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বর্তমানে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
এস এম/ ২৬ মে ২০২৬









