দক্ষিণ এশিয়া

পাকিস্তানের বেলুচিস্তানে শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ২৪

ইসলামাবাদ, ২৪ মে – পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৮২ জন। স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোয়েটার চমন ফটকের কাছে এই হামলা চালানো হয়।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করেছিল। ট্রেনটি চমন ফটকের কাছাকাছি পৌঁছালে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় এবং এর মধ্যে দুটি বগিতে আগুন ধরে যায়।

এছাড়া আশেপাশের কয়েকটি যানবাহনও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহতদের মধ্যে ৫৭ জনকে স্থানীয় একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে,

প্রায় ৭০ কেজির বেশি বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে এই নৃশংস হামলা চালানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেল স্টেশনের দিকে যাওয়ার পথে হামলার শিকার হয়।

পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে দ্রুত রেসকিউ ট্রাক ও বিশেষ ট্রেন পাঠিয়েছে। হামলার পর পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন এবং ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেন।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language