ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট

রাজবাড়ী, ২২ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই নৌরুটে যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে ফেরি সংখ্যা বাড়ানোসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বিশেষ করে পশুবাহী ট্রাকগুলোর নিরাপদ ও দ্রুত পারাপার নিশ্চিত করতে অগ্রাধিকার দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাটের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে,
৩, ৪ ও ৭ নম্বর পন্টুন সচল রেখে সেখানে শেষ মুহূর্তের সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বা বিআইডব্লিউটিসি জানিয়েছে, এবার বহরে ছোট বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি যুক্ত থাকবে। এছাড়া ২০টি লঞ্চ ও পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে ঘাট এলাকা। নৌপুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি শুরু করেছে। নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাটে মোট ৮৪ জন নৌপুলিশ সদস্য তিনটি আলাদা টিমে দায়িত্ব পালন করবেন। রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ নিশ্চিত করেছেন যে, পশুবাহী ট্রাকগুলোকে কোনোভাবেই পথে আটকানো হবে না এবং চাঁদাবাজি বা ছিনতাই রোধে ডিবি ও মোবাইল পার্টি সার্বক্ষণিক কাজ করবে।
সম্প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ঘাট এলাকা পরিদর্শন করে জানিয়েছেন,
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পন্টুনের ওপর ইজিবাইক বা অটোরিকশা চলাচল বন্ধে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন,
ঈদুল আজহায় সড়কে শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা ২৫টি থেকে বাড়িয়ে ৬৯টি করা হয়েছে। অতীতের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার যাত্রী ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সমন্বিত এই ব্যবস্থাপনার ফলে এবারের ঈদযাত্রা আগের তুলনায় অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এস এম/ ২২ মে ২০২৬









