রণিত রায়ের নাম ভাঙিয়ে প্রতারণা, আইনি ব্যবস্থা নিলেন অভিনেতা

মুম্বাই, ২২ মে – জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক আদালত এর কেডি পাঠক খ্যাত অভিনেতা রণিত রায়ের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। অজ্ঞাত এক প্রতারক অভিনেতার পরিচয় দিয়ে বিশেষ করে নারীদের সঙ্গে যোগাযোগ করে অর্থ দাবি করছেন বলে জানা গেছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা এবং ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই প্রতারক সামাজিক মাধ্যমে অভিনয়ের সুযোগ কিংবা বুকিংয়ের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি নজরে আসার পর রণিত রায় তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সংশ্লিষ্ট প্রতারকের ফোন নম্বর ও ই-মেইল আইডি প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা উল্লেখ করেন যে এক ব্যক্তি তার নাম ব্যবহার করে মানুষের সঙ্গে বিশেষ করে নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে এবং অর্থ চাইছে।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি কখনোই সামাজিক মাধ্যম বা অন্য কোনো উপায়ে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না এবং টাকা চাওয়ার প্রশ্নই ওঠে না। প্রতারককে হুঁশিয়ারি দিয়ে রণিত রায় বলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুতই অপরাধীকে খুঁজে বের করবে।
ছাড়া তিনি ভক্তদের উদ্দেশ্যে কিছু স্ক্রিনশট শেয়ার করে অনুরোধ করেছেন যেন কেউ এ ধরনের ফাঁদে পা না দেন। তিনি আরও জানান যে তিনি বা তার কোনো প্রতিনিধি কখনোই কারও কাছে টাকা বা অন্য কোনো সুবিধা দাবি করেন না।
এস এম/ ২২ মে ২০২৬









