দক্ষিণ এশিয়া

পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আল-বদর কমান্ডার বুরহান হামজা নিহত

ইসলামাবাদ, ২১ মে – পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী আল-বদরের শীর্ষ অপারেশনাল কমান্ডার আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা সংস্থাগুলোর দাবি বুরহান হামজা জম্মু ও কাশ্মীরে একটি বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় ছিলেন। দক্ষিণ কাশ্মীরের তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করতেন বলে জানা গেছে।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরার বাসিন্দা গুলজার প্রায় সাত বছর আগে পাকিস্তানে পাড়ি জমান এবং পরবর্তীতে আল-বদরে যোগদান করেন। মাঠপর্যায়ে তার সক্রিয়তার কারণে তিনি দ্রুত সংগঠনটির অপারেশনাল কমান্ডারের দায়িত্ব পান। সীমান্তের ওপার থেকে নতুন সদস্য নিয়োগ এবং অর্থায়নসহ অস্ত্র সরবরাহের মূল কারিগর হিসেবে তাকে চিহ্নিত করা হতো।

উল্লেখ্য যে ২০২৩ সাল থেকে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মোহাম্মদসহ বিভিন্ন সংগঠনের ৫০ জনের বেশি শীর্ষ নেতা রহস্যজনকভাবে নিহত হয়েছেন।

এর আগে গত এপ্রিলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে লস্কর-ই-তইবা কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি নিহত হন এবং মার্চে লাহোরে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপরও হামলার ঘটনা ঘটে।

এনএন/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language