রোম বিমানবন্দরে আটকা বিমান বাংলাদেশের টরন্টো-ঢাকা ফ্লাইট

ঢাকা, ৭ আগস্ট – প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে দীর্ঘ সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো থেকে ঢাকাগামী একটি ফ্লাইট।
আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য রোমে অবতরণ করলে এই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বিজি ৩০৬ নম্বর এই ফ্লাইটে বর্তমানে প্রায় ২৬০ জন যাত্রী রয়েছেন। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও তারা এখনো উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ফ্লাইটটি গত বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছিল। পথে ইতালিতে যাত্রাবিরতি এবং জ্বালানি নেওয়ার কথা ছিল। তবে অবতরণের পর জানানো হয় যে বিমানে কারিগরি সমস্যা দেখা দিয়েছে যা মেরামতের প্রয়োজন।
সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত স্থানীয় সময় দুপুর দেড়টাতেও ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং ফ্লাইটটি ঠিক কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি।
এনএন/ ৭ আগস্ট ২০২৬









