‘এক দফা’ জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক নুর

ঢাকা, ৮ আগস্ট – গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, এক দফা কোনো একক ব্যক্তির ঘোষণা নয়। এটি মূলত দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন।
শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর জানান, এক দফার বিষয়টি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত থেকে আসেনি। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই এর উদ্ভব হয়েছে। তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ কেবল এমপি বা মন্ত্রী হওয়ার জন্য সরকারের সঙ্গে যুক্ত হয়নি। ক্ষমতা বা পদ-পদবির মোহ ত্যাগ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই এই দলের মূল লক্ষ্য।
দেশের তরুণ সমাজকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নুর বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বেই একটি বৈষম্যহীন এবং জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যুব অধিকার পরিষদের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি সংগঠনটিকে আরও শক্তিশালী এবং জনমুখী করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে কোনো একক ব্যক্তির ঘোষণার অপেক্ষায় কেউ ছিল না। বরং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এক দফার দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। তিনি জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অপরাজনীতির সমালোচনা করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের তাগিদ দেন।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএন/ ৮ আগস্ট ২০২৬









