সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ দিলেন মোজতবা খামেনি

তেহরান, ২১ মে – ইরানের কাছে থাকা সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশেই থাকবে বলে কড়া নির্দেশ দিয়েছেন দেশটির নবনিযুক্ত সুপ্রিম লিডার মোজতবা খামেনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স তাদের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
রয়টার্স জানিয়েছে যে,
ইরানের উচ্চপদস্থ দুই কর্মকর্তার বরাত দিয়ে এই খবর নিশ্চিত হওয়া গেছে যেখানে সুপ্রিম লিডার স্পষ্ট করেছেন যে ইরানের ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠানো হবে না। এই নির্দেশনার মাধ্যমে তেহরান মূলত যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান আরও কঠোর করল।
ইসরায়েলি কর্মকর্তাদের দাবি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বাস দিয়েছেন যে ইরানের সাথে কোনো চুক্তি হলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এবং চুক্তি মোতাবেক তা অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তবে ইরানের এমন কঠোর অবস্থানের ফলে ট্রাম্প প্রশাসন আরও ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয় যা দিয়ে অন্তত এক ডজন পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে জানিয়েছিলেন যে ,
যতক্ষণ ইরান ইউরেনিয়াম অপসারণ না করবে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো সংগঠনগুলোকে সহায়তা বন্ধ না করবে ততক্ষণ তারা আক্রমণ থামাবে না। নাম প্রকাশ না করার শর্তে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যে ইউরেনিয়াম দেশের বাইরে পাঠালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে তারা মনে করছেন।
উল্লেখ্য যে ইরানের যেকোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন দেশটির সুপ্রিম লিডার।
এস এম/ ২১ মে ২০২৬









