মধ্যপ্রাচ্য

পর্যটকদের জন্য সমন্বিত প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব

রিয়াদ, ৯ জুলাই – বিদেশি পর্যটকদের ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পরীক্ষামূলকভাবে নতুন প্যাকেজ ভিসা চালু করেছে সৌদি আরব। এই সমন্বিত ব্যবস্থার আওতায় পর্যটন ভিসা, বিমানের টিকিট এবং হোটেল বুকিংসহ প্রয়োজনীয় সকল সেবা একটি মাত্র প্যাকেজের মাধ্যমে পাওয়া যাবে।

সৌদি প্রেস এজেন্সির বরাতে গালফ নিউজ জানিয়েছে যে, বর্তমানে নির্বাচিত কয়েকটি দেশের অনুমোদিত পর্যটনসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে এই পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। নতুন এই প্রক্রিয়ায় পর্যটকরা একক আবেদনের মাধ্যমেই তাদের ভিসার পাশাপাশি যাওয়া আসার বিমান টিকিট এবং লাইসেন্সপ্রাপ্ত হোটেল বা আবাসনের সুবিধা নিশ্চিত করতে পারবেন।

এর বাইরে ভ্রমণকারীরা চাইলে তাদের প্যাকেজে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং দর্শনীয় স্থান ভ্রমণের পরিকল্পনাও যুক্ত করার সুযোগ পাবেন। এই উদ্যোগের ফলে পর্যটকদের জন্য আলাদাভাবে টিকিট, আবাসন বা ভিসা ব্যবস্থাপনার ঝামেলা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।

তবে কেবল ডিজিটাল সক্ষমতা এবং সার্বক্ষণিক গ্রাহকসেবা প্রদানে সক্ষম লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সিগুলোই এই সেবা দেওয়ার অনুমতি পাবে। মূলত সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতকে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশটির পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বীমা কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব জানান, নতুন এই উদ্যোগ দর্শনার্থীদের জন্য স্মার্ট ও সহজ ভ্রমণ নিশ্চিত করবে। প্যাকেজ ভিসার মাধ্যমে সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতা আরও নির্বিঘ্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language