জাতীয়

ঈদ ঘিরে রেমিট্যান্সের জোয়ার: ২০ দিনে এলো ২৬২ কোটি ডলার

ঢাকা, ২১ মে – আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা দেশে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। ফলে মাসজুড়েই রেমিট্যান্স প্রবাহে এক ধরনের ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী,

চলতি মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসেবে চলতি মাসে প্রতিদিন গড়ে এক হাজার ৬০৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে দেশে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে বিশেষ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার মানোন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। ঈদুল আজহার আগে মে মাসের অবশিষ্ট দিনগুলোতে এই প্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে,

রেমিট্যান্সের এই বর্তমান ধারা অব্যাহত থাকলে মে মাসে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের অন্যান্য মাসের তুলনায় উৎসবের সময়গুলোতে প্রবাসীরা অধিক পরিমাণ অর্থ দেশে পাঠিয়ে থাকেন যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এস এম/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language