৪৪তম বিসিএস: যোগ্যতা না মেলায় ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল

ঢাকা, ২০ মে – ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত তালিকা থেকে ১০১ জন প্রার্থীকে বাদ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ বিধির প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব প্রার্থীর সাময়িক মনোনয়ন ও ফলাফল বাতিল ঘোষণা করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রার্থীদের সনদের সঙ্গে পদের আবশ্যকীয় যোগ্যতার মিল না থাকায় কমিশন এই পদক্ষেপ নিয়েছে।
বাতিল হওয়া প্রার্থীদের বড় একটি অংশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (ইংরেজি ও বাংলা) পদের জন্য মনোনীত হয়েছিলেন। বিএড বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকায় এই পদের মোট ৭৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে ইন্সট্রাক্টর (ইংরেজি) পদে ৫৮ জন এবং ইন্সট্রাক্টর (বাংলা) পদে ১৫ জন রয়েছেন। এছাড়া বাংলা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি না থাকায় আরও ২ জন প্রার্থী বাদ পড়েছেন।
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় ৭ জন প্রার্থীর সুপারিশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক (ইংরেজি) পদের ৫ জন এবং সহকারী শিক্ষক (গণিত) পদের ২ জন রয়েছেন। স্নাতক পর্যায়ে তাদের সংশ্লিষ্ট নৈর্বাচনিক বিষয় ছিল কি না তা যাচাইয়ের জন্য আগামী ৪ জুনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্র পিএসসি কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
পিএসসির তথ্যমতে গত ১৯ ফেব্রুয়ারি মোট ২ হাজার ৯৫৮টি পদের জন্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
তবে শর্তানুযায়ী কোনো প্রার্থীর পছন্দক্রমের পদের জন্য আবশ্যকীয় যোগ্যতা না থাকলে তার মনোনয়ন বাতিলের বিধান ছিল। সেই অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে ১৮ জন তুলা উন্নয়ন কর্মকর্তা পদে ১ জন এবং সহকারী প্রকৌশলী পদে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ইনস্ট্রাক্টর পদে ৫ জন এবং প্রভাষক পদে ১ জন প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ডিগ্রি না থাকায়।
এনএন/ ২০ মে ২০২৬









