ব্যবসা

দেশের বাজারে আবার কমল সোনার দাম

ঢাকা, ২০ মে – দেশের বাজারে সোনার দাম আরও একবার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে সব ধরনের সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম।

বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৩২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন দাম করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এর আগে গত ১৫ এবং ১৬ মে দুই দফায় সোনার দাম কমানো হয়েছিল।

বুধবারের নতুন দামসহ গত তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৮ হাজার ৭৪৭ টাকা কমল। তবে সোনার দাম দফায় দফায় কমলেও আগের দামেই বিক্রি হচ্ছে রূপা। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৫ হাজার ৬৫৭ টাকাই বহাল রাখা হয়েছে।

এনএন/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language