আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ কারাগারে

রংপুর, ১৭ মে – জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজাপ্রাপ্ত আসামি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার দুপুরে এ আদেশ প্রদান করেন।
ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল সাবেক এই উপাচার্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শনিবার রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রসিকিউটর ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান যে আদালতের নির্দেশের পর আজ থেকেই তার সাজা কার্যকর শুরু হলো। তবে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর তিনি উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন। উল্লেখ্য যে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. হাসিবুর রশীদ।
ওই সময় পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় তাকে অন্যতম আসামি করা হয়। চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। এই মামলায় মোট ২৮ জন আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাঈদ। এই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে তার বাসভবন ঘেরাও করলে তিনি নিরাপত্তা বাহিনীর সহায়তায় ক্যাম্পাস ছাড়েন। পরবর্তীতে ৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
এস এম/ ১৭ মে ২০২৬









