জাতীয়

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারে উপদেষ্টাদের বৈঠক

ঢাকা, ১৬ মে – লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।

দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠক আয়োজনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, শিক্ষা এবং প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে যা আরও বৃদ্ধির সম্ভাবনা ও কার্যকর উদ্যোগ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষ অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন। বৈঠক শেষে বাংলাদেশ ও ব্রাজিলের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language