প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে পশ্চিমবঙ্গ সরকারের কড়া নির্দেশনা

কলকাতা, ১৪ মে – পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন একটি নির্দেশনা জারি করেছে। এর পাশাপাশি কোনো পশু জবাইয়ের আগে এখন থেকে বাধ্যতামূলকভাবে ফিটনেস সার্টিফিকেট বা উপযুক্ততার সনদ সংগ্রহ করতে হবে।
সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি এই নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ষাঁড়, বলদ, গরু, বাছুর এবং মহিষসহ কোনো পশু জবাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট সনদ নিতে হবে।
এই সনদ দেওয়ার দায়িত্ব পালন করবেন পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি ভেটেরিনারি সার্জনরা। তারা যৌথভাবে পশুটি যাচাই করে লিখিতভাবে নিশ্চিত করবেন যে পশুটির বয়স ১৪ বছরের বেশি অথবা সেটি শারীরিক আঘাত বা রোগের কারণে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে।
যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সনদ পেতে ব্যর্থ হয় তবে তারা ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিলের সুযোগ পাবেন। এছাড়া নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল নির্ধারিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানেই পশু জবাই করা যাবে।
রাস্তাঘাট বা কোনো উন্মুক্ত জনসমাগমস্থলে পশু জবাই করা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধী ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। ১৯৫০ সালের সংশ্লিষ্ট আইনের আওতায় এসব অপরাধ আমলযোগ্য বলে বিবেচিত হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
এস এম/ ১৪ মে ২০২৬









