অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়ের নিয়ম কঠোর করছে ইউরোপীয় ইউনিয়ন

ঢাকা, ১১ মে – ইউরোপীয় ইউনিয়ন আগামী ২০২৬ সালের জুনে আশ্রয় ও অভিবাসনসংক্রান্ত একটি নতুন বিধিমালা কার্যকর করতে যাচ্ছে। এই নতুন আইনের ফলে অবৈধ অভিবাসীদের জন্য ইউরোপের দেশগুলোতে আইনি মর্যাদা বা আশ্রয় পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত অভিবাসন ও গতিশীলতা বাংলাদেশ পরিস্থিতি শীর্ষক এক সভায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এ তথ্য জানান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ লিবিয়া ইতালি রুটে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর প্রেক্ষাপটে এই বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সভায় পররাষ্ট্র সচিব, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং লিবিয়া ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি অবৈধভাবে লোক পাঠানোর কাজে জড়িত অসাধু সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। একইসঙ্গে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি তৈরি এবং ভাষাগত পারদর্শিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো উল্লেখ করেন যে, নতুন বিধিমালা ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। তিনি নিয়মিত পথে অভিবাসনের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সভায় নিরাপদ অভিবাসনের জন্য গন্তব্য দেশগুলোর নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয় এবং কর্মসংস্থানের উন্নত কাঠামো তৈরির প্রস্তাব করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের দেশের উন্নয়নে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বাংলাদেশ ফার্স্ট দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে রেমিটেন্স ও দক্ষতার মাধ্যমে জাতীয় অগ্রগতিতে অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ করেন। নিয়মিত অভিবাসন উৎসাহিত করতে এবং মানবিক অধিকার বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষ ঐকমত্য পোষণ করে সভাটি শেষ হয়।
এস এম/ ১১ মে ২০২৬









