জাতীয়

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রী মঈন খানের

ঢাকা, ২৩ আগস্ট – মন্ত্রণালয়ে যোগদানের প্রথম কর্মদিবসেই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিগত ১৭ বছরে এই মন্ত্রণালয়ে সংঘটিত সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। ড. মঈন খান বলেন যে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, তবে দুর্নীতির প্রশ্নে কোনো আপস করা হবে না এবং বিধি মোতাবেক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের প্রত্যক্ষ সেবার সাথে জড়িত। তাই এই মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করলে তার সুফল সারা দেশের মানুষ ভোগ করতে পারবে। নবনিযুক্ত এই মন্ত্রী স্থানীয় সরকার খাতের অভিজ্ঞ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা উল্লেখ করেন।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language