জাতীয়

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করল এনসিপি

ঢাকা, ১০ মে – আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে প্রাথমিকভাবে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকেই যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে এই ১০০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। সারজিস আলম আরও জানান, আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলমান থাকবে।

প্রার্থীর যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির নেতাকর্মী ছাড়াও অন্য রাজনৈতিক দলের স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিরাও প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন। তবে যারা মানুষের ওপর জুলুম কিংবা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিলেন না কেবল তাদেরই বিবেচনায় নেওয়া হচ্ছে। এনসিপির দরজা সবার জন্য খোলা রয়েছে এবং যাচাই বাছাই সাপেক্ষে যোগ্যদের মনোনয়ন দেওয়া হবে।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button