লোহাগাড়ায় মারসা পরিবহনের বাস আটকে স্থানীয়দের বিক্ষোভ

চট্টগ্রাম, ১০ মে – চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারসা পরিবহনের বাস আটকে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় জনতা। রোববার সকালে মহাসড়কের চুনতি ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এই কর্মসূচি পালন করা হয়। গত শনিবার একই স্থানে মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং অসংখ্য যাত্রী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা মারসা পরিবহনের বেশ কয়েকটি বাস থামিয়ে দিলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, চালকদের বেপরোয়া গতিতে বাস চালানোর কারণেই বারবার ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে লোহাগাড়া সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে মারসা কর্তৃপক্ষের প্রতিনিধিদের সাথে স্থানীয়দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ নিশ্চিত করেছে যে গত শনিবারের দুর্ঘটনায় জড়িত দুটি বাস বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।
এস এম/ ১০ মে ২০২৬









