পশ্চিমবঙ্গ

জয় বাংলা স্লোগান দেওয়ায় ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে ট্রেনের ভেতর হেনস্তা

কলকাতা, ১০ মে – ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সময়ে রাজ্যজুড়ে উগ্রপন্থিদের দৌরাত্ম্য বৃদ্ধির অভিযোগ উঠেছে। তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে ভিন্ন মতাবলম্বী সাধারণ মানুষও এই পরিস্থিতির শিকার হচ্ছেন। বাদ যাননি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ভাইরাল পরোটা বিক্রেতা রাজুও। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে ট্রেনের ভেতর তাকে একদল উগ্রপন্থী টানা হেঁচড়া করছে এবং তার গায়ের জামা ছিঁড়ে ফেলেছে।

পরবর্তীতে তাকে ট্রেন থেকে নামিয়ে জোরপূর্বক ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। সেই সময় রাজুর চোখেমুখে প্রচণ্ড আতঙ্ক ফুটে উঠতে দেখা যায়। শুভ কর্মকার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই মারধরের ভিডিওটি জনসমক্ষে আনা হয়। এরপর আরও দুটি ভিডিওতে দেখা যায় যেখানে রাজু ক্ষমা প্রার্থনা করছেন।

আক্রমণকারীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে রাজু মন্দিরের পাশে বসে আমিষ জাতীয় খাবার খেয়েছেন এবং জয় শ্রীরাম না বলে জয় বাংলা স্লোগান দিয়েছেন। মূলত নির্বাচনের আগে একটি ভিডিওতে রাজনৈতিক স্লোগান দিতে অস্বীকৃতি জানানো রাজু পরবর্তীতে জয় বাংলা শব্দটি উচ্চারণ করেছিলেন যা তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচনী স্লোগান ছিল।

রাজু ব্যক্তিগতভাবে রাজনীতিতে সক্রিয় না হলেও তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছিলেন। এই রেশ ধরেই তাকে গত কয়েকদিন ধরে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে। সর্বশেষ যাত্রীবাহী ট্রেনের ভেতর তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয় যা বর্তমানে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language